নিজস্ব প্রতিবেদক:
৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট মাসুম খান রাজেশকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাঁর সমর্থকরা। একই সঙ্গে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ‘এক দফা, এক দাবি—মুক্তি চাই, মুক্তি চাই’ স্লোগান তুলেছেন তাঁরা।
প্রতিবাদকারীদের দাবি, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামল ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাঁদেরই এখন পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে। বিশেষ করে আসন্ন কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের আশঙ্কা করছেন তাঁরা।
তাঁদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী ও হাইব্রিড নেতাদের একটি অংশ রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছে। তারা দলের কিছু অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে বিগত আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ তুলে হয়রানির চেষ্টা করছে।
প্রতিবাদকারীদের আরও অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করা এবং ভবিষ্যতে রাজনৈতিক মাঠে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। এ ক্ষেত্রে বিগত সরকারের সময়কার কিছু কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
তাঁরা বলেন, যারা দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাঁদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে গ্রেপ্তার ও হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে কাউকে দমিয়ে রাখার চেষ্টা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
এডভোকেট মাসুম খান রাজেশের গ্রেপ্তারের সুষ্ঠু তদন্ত দাবি করে প্রতিবাদকারীরা বলেন, অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় এ ঘটনার বিরুদ্ধে আরও কঠোর প্রতিবাদ কর্মসূচি গড়ে তোলা হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।
