ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ (বাসস) : সৌদি আরবের কোম্পানি আরামকো নির্ধারিত নতুন মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করেছে নিয়ন্ত্রণক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের বিদ্যমান মূল্য থেকে ২২৩ টাকা বাড়ানো হয়েছে। গত মাসে এ দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
একই সঙ্গে অটোগ্যাসের লিটারপ্রতি মূল্য মূসকসহ ৮৪ টাকা ৬২ থেকে ৯১ টাকা ৯৫ পয়সায় সমন্বয় করা হয়।
নতুন দর আজ রাত ৮টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
প্রোপেন ও বিউটেনের ঘোষিত গড় মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনায় অক্টোবর মাসের জন্য এই মূল্য সমন্বয় করা হয়েছে।
বেসরকারি খাতের মালিকানাধীন খুচরা বিক্রেতা পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির নতুন মূল্য খুচরা বিক্রেতা পর্যায়ে ২১৪৬ টাকা, ১৫ কেজি ২৫৭৫ টাকা, ১৬ কেজি ২৭৪৭ টাকা, ১৮ কেজি ৩০৯০ টাকা, ২০ কেজি ৩৪৩৪ টাকা, ২২ কেজি ৩৭৭৭ টাকা, ২৫ কেজি ৪২৯২ টাকা, ৩০ কেজি ৫১৫০ টাকা, ৩৩ কেজি ৫৬৬৫ টাকা, ৩৫ কেজি ৬০০৯ টাকা এবং ৪৫ কেজি ৭৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১৭১ টাকা ৬৯ পয়সা সমন্বয় করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১৬৫ টাকা ৮৫ পয়সা সমন্বয় করা হয়েছে।
সরকারি এলপিজি সাড়ে ১২ কেজির বিদ্যমান দর ৭৭৬.৯৩ টাকা থেকে বাড়িয়ে ১৮৬০ টাকায় সমন্বয় করা হয়েছে।
