ঢাকাSaturday , 21 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম
  7. খেলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. শিল্প-সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় ও মধ্যাহ্নভোজ

The BD Report24
November 21, 2026 11:55 am
Link Copied!

আজ ২১ নভেম্বর ২০২৬, শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) অস্ট্রেলিয়ার সিডনির চুল্লোরাতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের (ANIC) উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

মতবিনিময় সভাটি অত্যন্ত আন্তরিক, হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে আমীরে জামায়াত বলেন,

“অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় ইমাম, আলেম-ওলামা, কমিউনিটি নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা—

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আজ আমাদের সবাইকে একই টেবিলে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এমন আন্তরিক ও উদার অভ্যর্থনার আয়োজন করার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের (ANIC) প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। পাশাপাশি, সুদূর বাংলাদেশ থেকে আগত একজন অতিথির জন্য শনিবারের এই দুপুরের মূল্যবান সময়টুকু বরাদ্দ করায় আপনাদের প্রত্যেকের প্রতি জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ

আমি এই ভূমির ঐতিহ্যবাহী অধিবাসীদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাঁদের অতীত ও বর্তমানের প্রবীণদের প্রতি গভীর সম্মান জানাচ্ছি। আমরা বাংলাদেশিরা জানি, একটি ভূখণ্ডকে ভালোবাসার অর্থ কী এবং সেই ভূখণ্ডের স্মৃতি কীভাবে হৃদয়ে ধারণ করতে হয়। তাই যাঁরা সবার আগে এই ভূমিতে বসবাস করেছেন, তাঁদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি।”

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, “আপনারা বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে অবদান রাখছেন। এ জন্য আপনাদের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি, আপনাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে (Mainstream Society) মুসলিম কমিউনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি মুসলিম কমিউনিটির ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।