ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অনিয়ম ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইটি
  4. আইন ও বিচার বিভাগ
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম ও জীবন
  7. কৃষি
  8. খেলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নগর/মহানগর
  13. নির্বাচন
  14. প্রবাস
  15. প্রশাসন
আজকের সর্বশেষ সবখবর

ধান ক্ষেতের মাঝে সংযোগবিহীন সেতুটি কোনো কাজে আসছে না

দ্য বিডি রিপোর্ট
জুন ১৫, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

রংপুর, ১৫ জুন, ২০২৬ (বাসস) : জেলার পীরগঞ্জ উপজেলার সোনামতি খালের ওপর ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি জনগণের কোন কাজে আসছে না।

উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের ভেন্ডাবাড়ি গ্রামের সোনামতি খালের ওপর নির্মিত সেতুর দুই পাশে কোনো সংযোগ সড়ক নেই। চারদিকে ফসলি জমি। সেতুর দুই পাশ জমি থেকে উঁচু হওয়ায় এবং সংযোগ সড়ক না থাকায় উৎপাদিত ফসল পরিবহনেও এটি কোনো কাজে আসছে না বলে অভিযোগ চাষীদের। তাদের উৎপাদিত কোনো পণ্যই তারা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারেন না বললেন ওই এলাকার চাষী রমজান আলী।

সরেজমিনে দেখা যায়, সোনামতি খালের ওপর সেতুটির পূর্ব পাশে পায়ে চলা পথ থাকলেও পশ্চিম দিকে শুধুই আবাদি জমি।

জমিতে কর্মরত কৃষক লাল মিয়ার সঙ্গে আলাপকালে বাসস’কে বলেন, ‘রাস্তা না থাকায় সেতুটি আমাদের কোনো কাজে আসছে না। এছাড়া সেতুর দুই মুখ জমি থেকে উঁচু হওয়ায় ফসল পরিবহনে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে।’

কৃষক সবুজ মিয়া বলেন, ‘সেতুর আশপাশে প্রায় ১৫০ একর জমি আছে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য শ্মশানও আছে এ এলাকায়। অধিকাংশ জমি খালের পাশাপাশি সোনামতি নদী ঘিরে রেখেছে। তাই ফসল আনা-নেয়ার জন্য একমাত্র সহজ অবলম্বন এ সেতু।’

এলাকাবাসী জানান, সেতুর উত্তর দিকে মূল সড়ক থেকে চারদিকে ফসলি জমি। এসব জমির পাশ দিয়ে হেঁটে চলাচলের জন্য একটি ছোট রাস্তা থাকলেও সেতুর দুই পাশে কোনো রাস্তা করা হয়নি। দক্ষিণ পাশেও ধানক্ষেত। তাই আমাদের উৎপাদিত পণ্য বাজারে নেয়া-আনা এবং ধর্মাবলম্বীদের শ্মশানে যাওয়া-আসাসহ নানা প্রয়োজনে ওই রাস্তা চলাচলে চরম ভোগান্তিতে রয়েছি আমরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক বলেন, ‘কয়েকজন জমির মালিক রাস্তার জন্য জমি না ছাড়ায় সেতু পর্যন্ত রাস্তাটি বড় করা সম্ভব হচ্ছে না।’

জানা গেছে, ভূ-উপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্র সেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃিদ্ধকরণ প্রকল্পের আওতায় পীরগঞ্জ উপজেলায় ২০২০-২১ অর্থবছরে ৪০ লাখ টাকা ব্যয়ে চারটি সেতু নির্মাণ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। মাঠ থেকে কৃষকদের ফসল আনার সুবিধার্থে সেতুগুলো নির্মাণ করা হয়। এরমধ্যে সোনামতি খালের ওপর ৮ লাখ ৩ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে বিএডিসি।

বিএডিসি রংপুরের নির্বাহী প্রকৌশলী (নির্মাণ) হুসাইন মোহাম্মদ আলতাফ বাসস’কে বলেন, ‘খালের ওপর নির্মিত সেতুটি মূলত ফুটওভারব্রিজ। এর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না। খাল পার হওয়ার জন্য সেতুটি নির্মাণ করা হয়েছে। কৃষক তাদের উৎপাদিত ফসল নিয়ে হেঁটে সেতু দিয়ে চলাচল করবেন। তাই সংযোগ সড়ক নির্মাণের ব্যয় ধরা হয় না। তবে সবাই যাতে অনায়াসে চলাচল করতে পারে, এজন্য সেতুর দুই প্রান্ত মাটি দিয়ে উঁচু করা হয়। এরই ধারাবাহিকতায় এখানেও উঁচু করা হয়েছিল।

তিনি বলেন, বর্তমানে মাটি ধসে গেছে সম্ভবত। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিএডিসি’র প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।