নিজস্ব প্রতিবেদক|২৪ নভেম্বর ২০২৬|মঙ্গলবার
শরীয়তপুরের জাজিরা সাব-রেজিস্ট্রারের কার্যালয়টি এখন সাধারণ সেবাপ্রার্থীদের জন্য এক ভোগান্তির নাম। সরকারি নির্ধারিত ফির বাইরে প্রতিটি ধাপে অতিরিক্ত অর্থ বা ঘুষ আদায়ের যেন এক অঘোষিত নিয়মে পরিণত হয়েছে এই দপ্তরটি। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোদ সাব-রেজিস্ট্রার রাশিদা ইয়াছমিন মিলি প্রত্যক্ষ ও পরোক্ষ সম্মতিতেই অফিসের কিছু অসাধু কর্মচারী এবং দলিল লেখকদের একটি সিন্ডিকেট এই অনিয়ম ও দুর্নীতির রোলার চালাচ্ছে।
এজলাসে কক্ষে প্রকাশ্যে লেনদেন ও খাস কামরায় ‘বিশেষ দলিল’

অনুসন্ধানে জানা গেছে, দলিল সম্পাদনের সময় এজলাস কক্ষেই অসাধু দলিল লেখকদের কাছ থেকে প্রকাশ্যে নির্দিষ্ট অঙ্কের ঘুষের টাকা গ্রহণ করা হয়। সাধারণ সেবাপ্রার্থীদের বাধ্য করা হয় এই বাড়তি অর্থ দিতে; অন্যথায় কাগজপত্রে নানা ভুলত্রুটি ও অজুহাত দেখিয়ে দলিল আটকে রাখা হয়।
এছাড়াও অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রার রাশিদা ইয়াছমিন মিলি এজলাস ছেড়ে নিজের খাস কামরায় (ব্যক্তিগত কক্ষ) বসে ‘বিশেষ দলিল’ সম্পাদন করেন। মূলত মোটা অঙ্কের অবৈধ লেনদেনের বিনিময়ে ত্রুটিপূর্ণ বা বিশেষ সুবিধাপ্রাপ্ত দলিলগুলো খাস কামরায় বসে স্বাক্ষর করা হয় বলে সংশ্লিষ্টদের দাবি।
টেবিলে টেবিলে ‘সেরেস্তা’ ও ঘুষের রেট
অফিসটির ভেতরে ঢুকলেই দেখা যায় অনিয়মের চিত্র। এজলাসের ঠিক পাশেই প্রথম টেবিলে বসেই, সেখানে সিলমোহর ব্যবহারের নাম করে দলিল প্রতি ‘অফিস খরচ’ বা ‘সেরেস্তা’ হিসেবে নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। সাব-রেজিস্ট্রারের নাকের ডগায় এই প্রকাশ্য অর্থ আদায় চললেও তিনি তা দেখেও না দেখার ভান করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, এই দপ্তরে ‘টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না’। জমি নিবন্ধন, রেকর্ড তল্লাশি (বালাম বই যাচাই) এবং নকল (সার্টিফাইড কপি) উত্তোলনের ক্ষেত্রে সরকারি ফির কোনো তোয়াক্কা করা হয় না। দলিলে টিপসই দেওয়া থেকে শুরু করে প্রতিটি টেবিলেই আলাদা আলাদাভাবে টাকা গুনতে হয় সেবাপ্রার্থীদের। বিশেষ করে জমির নকল বা সার্টিফাইড কপি তুলতে গেলে সরকারি নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি অর্থ আদায় করা হয়।

ভুক্তভোগীদের বক্তব্য ও প্রশাসনিক নীরবতা
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, জমি রেজিস্ট্রি করতে এসে তারা অসহায় হয়ে পড়েন। দলিল লেখকদের একটি অসাধু চক্র আগেই জানিয়ে দেয় ‘অফিস খরচ’ বাবদ কত টাকা দিতে হবে। এই টাকা না দিলে দিনের পর দিন ঘুরতে হয়, এমনকি জমির মালিকানা সংক্রান্ত বৈধ কাগজপত্রেও নানা অজুহাত দাঁড় করানো হয়।
এ বিষয়ে সাব-রেজিস্ট্রার রাশিদা ইয়াছমিন মিলি এবং সংশ্লিষ্ট কর্মচারীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা অভিযোগের বিষয়ে সদুত্তর দিতে অপারগতা প্রকাশ করেন।
স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা জাজিরা সাব-রেজিস্ট্রি অফিসের এই অনিয়ম, খাস কামরায় দলিল সম্পাদন এবং টিপসই থেকে শুরু করে টেবিলে টেবিলে অবৈধভাবে অর্থ গ্রহণ বিষয়টি খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নিবন্ধন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
(পর্দার আড়ালে আরও বড় রহস্য! জাজিরা সাব-রেজিস্ট্রি অফিসের অজানা অধ্যায় নিয়ে আসছে ২য় পর্ব…)

