ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গন
  14. শিল্প-সাহিত্য
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

The BD Report24
November 17, 2026 3:26 pm
Link Copied!

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ (বাসস): জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের সাংবিধানিক দায়িত্ব।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ। এই সংসদের সংসদ সদস্যগণ খুবই দক্ষ ও প্রশিক্ষিত। বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তি জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংসদে নির্বাচিত হয়ে এসেছেন।

তিনি আরও বলেন, আইন প্রণয়নের পাশাপাশি সংসদ সদস্যদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

তিনি আজ জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন, পলিসিস এন্ড সার্ভিসেস (এসআইপিএস) শীর্ষক প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের  সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান এবং ইউএনডিপি’র সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন বেড়েছে, তেমনি প্রকল্পের বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব। তিনি বলেন, এই অরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে লব্ধ জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

স্পিকার বলেন, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের সাথে টেকসই উন্নয়ন  লক্ষ্যের সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন করার পাশাপাশি প্রকল্পের গুনগত মান বৃদ্ধি করে উন্নয়ন তৎপরতা অব্যাহত রাখতে হবে।

স্পিকার বলেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করেছে। ভোট জালিয়াতি, অর্থপাচার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারী সরকার আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে  ব্যাহত করেছে। তিনি বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের সহযোগী হিসেবে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হন। ১১ বছর পরে নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। ২০১৫ সালে এসডিজি লক্ষ্যমাত্রা গৃহীত হলেও ২০১৪ সালের অনির্বাচিত সংসদ সদস্যরা এসডিজি বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, বর্তমান নির্বাচিত সংসদের জনপ্রতিনিধিরা এটা বাস্তবায়ন করবে।

ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশ যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তা বাস্তবায়নে টেকসই উন্নয়ন পরিবেশ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গি, সক্ষমতা ও কর্মবাস্তবায়নে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ।

এ সময় স্পিকার সংসদের উন্নয়ন প্রকল্পে ইউনডিপি’র নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্যগণ, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।