মোঃ হুমায়ুন কবির • ২৪ মে, ২০২৬
ঢাকা: দেশের সর্বস্তরের প্রতিবন্ধী ব্যক্তিদের একটি আদর্শ প্রদর্শক সংগঠন 'বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)' এর উদ্যোগে 'বিপিকেএস জাতীয় লটারি-২০২৬' এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ মে ২০২৬, রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকায় রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে এই লটারির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী সংগঠনটি প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মাননীয় প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব ফারজানা আফরোজমাপ।

অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএন ডিস্যাবিলিটি রাইটস চ্যাম্পিয়ন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক স্টিয়ারিং কমিটির সম্মানিত সদস্য এবং বিপিকেএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (স্বেচ্ছাসেবী) জনাব মোঃ আবদুস সাত্তার দুলাল। তিনি নিজে একজন প্রতিবন্ধী ব্যক্তি হয়েও দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়ন ও অধিকার আদায়ে অনন্য ভূমিকা রেখে চলেছেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) এর চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার হোসেন হাজারী। অনুষ্ঠান পরিচালনা কমিটির পক্ষে ধন্যবাদ জ্ঞাপন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিপিকেএস জাতীয় লটারি পরিচালনা কমিটির সদস্য সচিব হাজী মোঃ আলম কবির।
বক্তারা প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে এই মহৎ উদ্যোগে দেশের সকল স্তরের জনগণকে এগিয়ে আসার এবং টিকিট ক্রয় করে লটারি সফল করার আহ্বান জানান। এই লটারি থেকে অর্জিত আয় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যয় করা হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।