জাতীয় স্বাস্থ্য বাজেটে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান রেখে ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF)-এর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত।
ঢাকা, ২১ মে, ২০২৬। ঢাকা রিপোটার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) আয়োজিত "জাতীয় স্বাস্থ্য বাজেট ২০২৬-২৭" শীর্ষক এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের স্বাস্থ্যখাতের বর্তমান সংকট, বাজেট কাঠামো, স্বাস্থ্য অর্থায়ন, চিকিৎসা ব্যয়ের চাপ, স্বাস্থ্যসেবার বৈষম্য এবং টেকসই স্বাস্থ্যব্যবস্থা গঠনের করণীয় নিয়ে মাননীয় সংসদ সদস্যগন, বিশিষ্ট চিকিৎসক, অর্থনীতিবিদ, গবেষক, সংসদ সদস্য, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাংবাদিকবৃন্দ আলোচনা করেন।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF)-এর সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন এনডিএফ-এর মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
অনুষ্ঠানের কী-নোট উপস্থাপন করেন নির্বাহী পরিচালক, সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড পিস স্টাডিজ, অর্থনীতিবিদ ও গবেষক ডা. মিজানুর রহমান। তাঁর গবেষণাভিত্তিক উপস্থাপনায় উঠে আসে যে বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ GDP-এর মাত্র ০.৭ শতাংশ, যেখানে WHO-এর সুপারিশ অনুযায়ী কমপক্ষে ৫ শতাংশ ব্যয় প্রয়োজন। একই সঙ্গে দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭০ শতাংশ জনগণকে নিজস্ব অর্থ থেকে বহন করতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য মারাত্মক আর্থিক ঝুঁকি সৃষ্টি করছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য ডা. হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, "স্বাস্থ্যখাতে বিনিয়োগ কোনো ব্যয় নয়, এটি একটি জাতির ভবিষ্যৎ ও মানবসম্পদ উন্নয়নের মূল ভিত্তি। একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জনগণের জন্য সাশ্রয়ী, ন্যায়ভিত্তিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেউদ্দীন ফরিদ এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। তাঁরা স্বাস্থ্যখাতে বিনিয়োগকে জাতীয় মানবসম্পদ উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন এবং একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও জনগণমুখী স্বাস্থ্যব্যবস্থা গঠনের আহ্বান জানান।
প্যানেল আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক ডা. এম এ সবুর, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আহ্বায়ক অধ্যাপক ডা. শাদরুল আলম, আদ-দ্বীন মেডিকেল কলেজের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, দৈনিক নয়া দিগন্ত সাংবাদিক হামিমুল কবির, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মহসিন আহমেদ, স্বাস্থ্য অর্থনীতি গবেষক ও গাইনি বিশেষজ্ঞ ডা তাসলিমা, এবং গবেষক নাজমুল হাসান।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা বর্তমানে "Low Resource-High Demand" সংকটের মধ্যে রয়েছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি, জেলা পর্যায়ে অবকাঠামোগত সীমাবদ্ধতা, ICU ও আধুনিক চিকিৎসা সুবিধার অভাব, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা এবং রাজধানীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা সাধারণ জনগণের চিকিৎসা প্রাপ্তিকে সীমিত করে তুলেছে।
গোলটেবিল বৈঠক থেকে নিম্নোক্ত সুপারিশসমূহ তুলে ধরা হয়ঃ
স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় ধাপে ধাপে GDP-এর ৫ শতাংশে উন্নীত করা;
জাতীয় স্বাস্থ্য বাজেটে মাথাপিছু বরাদ্দ ১০০ ডলারে উন্নীত করা,
জেলা পর্যায়ে ICU, NICU, ডায়ালাইসিস, ক্যান্সার ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র সম্প্রসারণ করে জেলাকে মেডিকেল হাব হিসেবে গড়ে তোলা;
চিকিৎসা শিক্ষা এবং গবেষনায় বাজেট বরাদ্দ বৃদ্ধি,
চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ বৃদ্ধি এবং গ্রামীণ স্বাস্থ্যসেবায় বিশেষ প্রণোদনা প্রদান;
ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা, Electronic Health Record (EHR) ও টেলিমেডিসিন সম্প্রসারণ;
সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ বৃদ্ধি ও স্বাস্থ্য ব্যয় কমাতে ওষুধ ব্যবস্থাকে শক্তিশালী করা;
Universal Health Coverage (UHC) বাস্তবায়নে জাতীয় স্বাস্থ্যবীমা চালু করা;
মানসিক স্বাস্থ্য ও প্রতিবন্ধী স্বাস্থ্যসেবাকে জাতীয় বাজেটে অগ্রাধিকার দেওয়া;
স্বাস্থ্যখাতে সুশাসন, ডিজিটাল মনিটরিং ও স্বাধীন অডিট ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্য খাতকে কেবল সামাজিক কল্যাণমূলক খাত হিসেবে নয়, বরং মানবসম্পদ উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে। থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ভিয়েতনামের স্বাস্থ্যব্যবস্থার উদাহরণ তুলে ধরে বক্তারা বলেন, কার্যকর স্বাস্থ্যবীমা, শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জবাবদিহিমূলক প্রশাসন থাকলে বাংলাদেশও একটি টেকসই ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, জয়েন্ট সেক্রেটারী, এনডিএফ; ডা. আতিয়ার রহমান, সভাপতি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (BMU) এনডিএফ; ডা. শাহাদাত হোসেন, সেক্রেটারি, বিএমইউ এনডিএফ; ডা. এম জি ফারুক হোসেন, সভাপতি, এনডিএফ ঢাকা মহানগর দক্ষিণ; ডা. মারুফ শাহরিয়ার, সেক্রেটারি, এনডিএফ ঢাকা মহানগর দক্ষিণ; ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, সেক্রেটারি, এনডিএফ ঢাকা মহানগর উত্তর; ডা. হাসানুল বান্না, সহ-সাংগঠনিক সম্পাদক, এনডিএফ ঢাকা মহানগর উত্তর; সহ দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক নেতৃবৃন্দ ও স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গোলটেবিল বৈঠকে শতাধিক বিশিষ্ট চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।